হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাট উপজেলার সমনিয়াপাড়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ভোগদখল করার অভিযোগ উঠেছে স্থানীয় দুই জনের বিরুদ্ধে। জমি উদ্ধারের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মুসলেম উদ্দিন।
জানা যায়, উপজেলার সমনিয়াপাড়া মৌজার খতিয়ান নং-৭৫১-এর দাগ নং-২৪৯ ও ৬৪২-এ অবস্থিত মাদ্রাসার মোট ৩২ শতাংশ জমি প্রায় ২০ থেকে ২২ বছর ধরে স্থানীয় আবুল কাশেম শেখ ও গোলাম হোসেন সরকার দখল করে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। আবুল কাশেম শেখ বর্তমানে চরবাঙ্গালিয়া নাইট মনীন্দ্র রেমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, ২০০৪ সালে সমনিয়াপাড়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি থাকাকালে আবুল কাশেম শেখ নিজের দায়িত্ব ও প্রভাব খাটিয়ে ওই জমি দখলে নেন এবং পরে সেখানে পুকুর খনন করেন। একইভাবে, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য গোলাম হোসেন সরকার ২৪৯ নম্বর দাগের প্রায় ৬ শতাংশ জমিতে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে মাটি কেটে ভিটা প্রস্তুত করছেন। এতে মাদ্রাসার মূল্যবান সম্পত্তি বেহাত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অবকাঠামোগত স¤প্রসারণ ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দাতা প্রতিনিধি ও মাদ্রাসর সহ-সভাপতি মোঃ হাফিজ উদ্দিন জানান, অভিযুক্ত দুই ব্যক্তি মাদ্রাসা পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করার সময়ই ধীরে ধীরে প্রতিষ্ঠানের জমি দখলে নেন এবং মাদ্রাসার অন্যান্য জমি মনমত বিক্রি করেন। দ্রæত সরকারি ভাবে প্রকৃত মালিকানা নির্ধারণ, অবৈধ দখলমুক্ত করে জমি মাদ্রাসার অনুক‚লে ফিরিয়ে দেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আবুল কাশেম শেখ। তিনি বলেন, আমি মাদ্রাসার কোনো জমি দখল করিনি। আরএস রেকর্ডভুক্ত মালিকের ছেলের কাছ থেকে বৈধভাবে জমিটি ক্রয় করেছি।
অপর অভিযুক্ত গোলাম হোসেন সরকার বলেন, আমার দখলে যদি মাদ্রাসার কোনো জমি থেকে থাকে, তাহলে সরকারি কর্মকর্তারা পরিমাপ করে বুঝে নেবেন। এতে আমার কোনো আপত্তি নেই।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments