​


বাবলু আকন্দ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জাতীয়তাবাদী যুবদলের একনিষ্ঠ ও সক্রিয় কর্মী হাবিবুর রহমান হাবুল (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ ১৮ অক্টোবর (রবিবার) সকাল ৭:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​তিনি মুক্তাগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। এলাকায় একজন বিনয়ী ও অমায়িক মানুষ হিসেবে পরিচিত হাবিবুর রহমান হাবুলের সঙ্গে স্থানীয় সবার সুসম্পর্ক ছিল।

আসরের নামাজ শেষে মুক্তাগাছা পৌর গোরস্থান সংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়।

​জানাজায় উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম, বিএনপি নেতা মতিউর রহমান খোকন, শওকত রানা রিপন, ইলিয়াস হোসেন, মোখলেসুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, "হাবিবুর রহমান হাবুল দলের একজন অত্যন্ত একনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী ছিলেন। তাঁর হঠাৎ চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।" নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।