Header Ads Widget

 


মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান ব্যবসায়ীদের মধ্যে গ্লাভস ও ডাস্টবিন বিতরণ

 


বাবলু আকন্দ : 'সবাই মিলে পরিচ্ছন্ন নগর গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মুক্তাগাছা পৌরসভা। কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীদের মধ্যে হ্যান্ড গ্যাস ও ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মুক্তাগাছা শহরের আটানীবাজারে ব্যবসায়ী, বাজার কমিটি ও ইজারাদারদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও ডাস্টবিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার সোনিয়া হোসেন জিসান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র, পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ্, আটানীবাজার কমিটির নেতৃবৃন্দ, বাজারের ইজারাদার এবং স্বেচ্ছাসেবকেরা।

এর আগে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে নিবন্ধিত ভলান্টিয়ারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ। সঠিক স্থানে বর্জ্য ফেলা, বাজার ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর নিশ্চিত করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র বলেন, “পরিচ্ছন্ন নগর গড়ে তোলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, বাজার কমিটি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে চাই। নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাজারে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, সঠিকভাবে বর্জ্য অপসারণ এবং নাগরিকদের সম্পৃক্ত করে মুক্তাগাছাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৌর শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকেরা পরিচ্ছন্নতা রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের প্রত্যাশা, সচেতনতামূলক এ কার্যক্রম নিয়মিত হলে শহরের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হবে।


Post a Comment

0 Comments