হালুয়াঘাট প্রতিনিধি: বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে হালুয়াঘাটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মচারীরা।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা কর্মবিরতি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমবেত হন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের দাবিসংবলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য হস্তান্তর করেন।
স্মারকলিপিতে কর্মচারীরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তারা অতি স্বল্প পারিশ্রমিকে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তাদের দৈনিক পারিশ্রমিক মাত্র ১৩০ থেকে ১৯৩ টাকা, যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার-পরিজনের ন্যূনতম ভরণপোষণের জন্যও পর্যাপ্ত নয়। বারবার দাবি জানানো হলেও বেতন-ভাতা বৃদ্ধি কিংবা বিভাগীয় কর্মচারী হিসেবে বিভাগীয় স্বীকৃতি দেওয়ার বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আন্দোলনরত কর্মচারীরা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম পরিচালনা করলেও তারা এখনও ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই জীবিকার নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি এবং তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পোস্টমাস্টার মো. আনোয়ারুল হক, মোঃ হেলাল উদ্দিন, মোঃ ঘামিদুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু হানিফ, মোঃ আলতাফ হোসেন, মোঃ আশরাফসহ শাখা ডাকঘরের অন্যান্য কর্মচারীরা।

0 Comments