Header Ads Widget

 


মুক্তাগাছায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিবের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ ​

 


বাবলু আকন্দ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি পাওয়া আবু সাঈদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। সংগঠনের নামে অপপ্রচার ও অনৈতিক কাজ প্রতিহত করতে তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের সাংগঠনিক যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্ব।

​বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার প্যাডে আহ্বায়ক শহিদুল আমিন খসরু ও সদস্য সচিব মাজহারুল হক খান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠনের পর সদস্য সচিব আবু সাঈদ বিদেশে পাড়ি জমান। পরবর্তীতে ২০২৩ সালের ৬ মে তার স্থলাভিষিক্ত হিসেবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

​সম্প্রতি দেশে ফিরে আবু সাঈদ স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যা জেলা কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এই পরিস্থিতিতে উপজেলা শাখার কোনো নেতাকর্মী যাতে তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখেন, সে বিষয়ে নির্দেশ প্রদান করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

​উল্লেখিত বিষয়ে মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিবুল হাসান জনি বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments