ফুলবাড়িয়া, প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে ঢাকায় চলাচলকারি যাত্রীবাহি আলম এশিয়া পরিবহন প্রাইভেট লিমিটেডের বাস গাড়ি চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া বাস গাড়িটির দাম প্রায় ৩০ লাখ টাকা।
জানাগেছে, গত রবিবার সন্ধ্যায় আলম এশিয়া ঢাকা মেট্রো ব-১৪৯৩৭০ নম্বরে বাস গাড়ি যাত্রি নিয়ে ঢাকা থেকে ফুলবাড়িয়ায় আসেন।
যাত্রা শেষে গাড়ি পরিস্কার করে ফুলবাড়িয়া পৌরসভার লাহেড়িপাড়া এলাকায় মামুন মিয়ার দোকানের সামনে রেখে চালক রানা মিয়া রাত ৯ টার দিকে বাড়িতে চলে যায়।
গতকাল সোমবার (২৩ জুলাই) ভোর সকালে চালক গাড়ি আনতে গিয়ে দেখতে পায় রেখে যাওয়া গাড়িটি নেই।
গাড়ির মিস্ত্রী মো. ফজলুল হক জানিয়েছেন, ঢাকা থেকে আসার পর গাড়িটি রেখে চালক বাড়ি চলে যায়,প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাস গাড়িটি রাতে কোন একসময় চোরেরা চুরি করে নিয়ে যায়। গাড়িটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি চলছে, গাড়িটির এখনো কোন হদিস মিলেনি।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেছেন, আলম এশিয়া বাস গাড়ি চুরির ঘটনা মালিক পক্ষ মৌখিক ভাবে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কাজ চলছে।

0 Comments