বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) উপজেলার দুল্লা ইউনিয়নের দুটি এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ভ্যানচালক আমির হোসেনের ছেলে হানিফ (১১) শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে বাবার সঙ্গে কাজে যাওয়া নিয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বন্দে বুরুজ এলাকায় লিটনের গরুর খামারের একটি শেডের ভেতরে ধন্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে একই ইউনিয়নের চন্ডিমন্ডপ এলাকার মোসাদ্দেদের স্ত্রী স্বর্ণা আক্তার (২০) শনিবার ভোর ৬টার দিকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় ছিলেন বলে জানতে পারেন স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অন্য একজনের মরদেহ থানায় আনা হয়েছে, এসব ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0 Comments