হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হেলাল (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে হালুয়াঘাট পৌর শহরের উপজেলা ভূমি অফিসের পেছনে এ ঘটনা ঘটে। নিহত হেলাল পূর্ব কাচারীপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপারিপাড়া গ্রামের রনি নামের এক বন্ধু হেলালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে উপজেলা ভূমি অফিসের পেছনে শরিফুলের নেতৃত্বে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তুচ্ছ কোন ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হেলালের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এবিষয়ে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তুচ্ছ কোন ঘটনাকে কেন্দ্র করে শরিফুল নামে একজনের নেতৃত্বে পরিকল্পিতভাবে হেলালকে হত্যা করা হয়েছে। কি কারণে এ হত্যাকান্ড তা জানতে আমরা একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালছে । নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।
0 Comments