বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘হৃদয়ে ৮৮ সংসদ’-এর উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এমপি। তিনি বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদের মানবিক ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে। হৃদয়ে ৮৮ সংসদের এ উদ্যোগ শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আবু রেজা ফজলুল হক বাবলু বলেন, মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা গেলে দেশ আরও সমৃদ্ধ হবে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রমে এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে ৮৮ সংসদ মুক্তাগাছার সভাপতি আরিফ রাব্বানী খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও হৃদয়ে ৮৮ সংসদ শিক্ষাবান্ধব ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদ ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 Comments