ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজের ১০ দিন পর বাংলাদেশ কাস্টম হাউস কমলাপুরের সিপাহী আবু রায়হান তালুকদারের ৩ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

‎মরদেহের খণ্ডিত অংশগেুলো একটি বড় ট্রাভেল ব্যাগের মধ্যে আলাদা তিনটি পলিব্যাগে রাখা ছিল। নিহত আবু রায়হান তালুকদার একই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদার। তিনি বাংলাদেশ কাস্টম হাউস কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

‎পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। বাড়ির কেয়ারটেকার রাজু ও রায়হান রাতে বাড়িতে ছিল। পরদিন শুক্রবার কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজু তাকে সিএনজি  করে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তিনি আর কর্মস্থলে পৌঁছাননি।

‎দুই দিন পর আবু রায়হানের চাচাতো বোন প্রভাষক নাজমুন্নাহার বিউটিকে ফোন করে জানান, তিনি অফিসে যোগ দেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

‎খোঁজাখুঁজি করে না পেয়ে ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই মো. নূরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে। তারা দু’জনই মাদকাসক্ত বলে দাবি স্থানীয়দের।

‎ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, পুকুর থেকে ট্রাভেল ব্যাগবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।