বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছায় বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল আফফান (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মনিরামবাড়ি আল্লামা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আফফান জামালপুর জেলার শৈলাকান্দা এলাকার আকন্দ বাড়ির রোকোন উদ্দিন ও শেফালী আক্তার দম্পতির ছোট ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ইকুইপমেন্ট রিফাইনারি ইউনিটে কর্মরত। আফফান মুক্তাগাছার টাঙ্গাইল কুরতুবী মাদ্রাসা শাখার প্রি-শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আরও এক শিশুর সঙ্গে খেলতে খেলতে রাস্তা পার হচ্ছিল আফফান। এ সময় মুক্তাগাছা শহর থেকে টাঙ্গাইলগামী একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিশুটির মৃত্যুর খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। মা শেফালী আক্তার বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। একমাত্র ছোট সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা রোকোন উদ্দিন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, এই সড়কে ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচল দীর্ঘদিনের সমস্যা। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। আজ একটি নিষ্পাপ শিশুর প্রাণ গেল। আমরা এই সড়কে কঠোর নজরদারি ও গতিনিয়ন্ত্রণ চাই।
আরেক বাসিন্দা সোহেল রানা বলেন, মসজিদের সামনের মতো জনবহুল এলাকায় ট্রাকগুলো যেভাবে বেপরোয়াভাবে চলাচল করে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
টাঙ্গাইল কুরতুবী মাদ্রাসার এক শিক্ষক বলেন, আফফান অত্যন্ত শান্ত ও মেধাবী শিক্ষার্থী ছিল। নিয়মিত ক্লাসে অংশ নিত। তার এমন মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুটি শিশু খেলতে খেলতে রাস্তা পার হচ্ছিল। একটি শিশু নিরাপদে পার হলেও অপর শিশুটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।

0 Comments