বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ত্রিমোহনী নতুন বাজারে নিয়ন্ত্রণ হারানো একটি বালুবাহী ট্রাক দোকানে ঢুকে পড়লে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার রাত প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার পাইকা শিমলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ট-১৫১৫২৫ নম্বরের একটি বালুবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের একটি দোকানে উঠে যায়। এ সময় দোকানের ভেতরে চারজন বসে ছিলেন। ট্রাকটি সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়লে জাহাঙ্গীর আলম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় দোকানের মালিক নুরু আলম, চালক কামাল হোসেন ও রাজমিস্ত্রি আমিরুল আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পৌর শ্রমিক দলের সম্পাদক জহিরুল ইসলাম বলেন, নতুন বাজার ব্রিজ পার হওয়ার পর ট্রাকটি দুটি গাড়িকে সাইড দিতে রাস্তার নিচে নেমে যায়। এরপর আর নিয়ন্ত্রণে আনতে না পেরে এই দুর্ঘটনা ঘটে।
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, গাড়ির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। ব্রিজের পর থেকে যদি নিরাপত্তা খুঁটি থাকত, তাহলে হয়তো এ দুর্ঘটনা ঘটত না। আমরা সরকারের কাছে দাবি জানাই, ব্রিজের পর দুই পাশে নিরাপত্তা খুঁটি বসানো হোক।
এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে।
ছেলের মৃত্যুর খবর পেয়ে জাহাঙ্গীর আলমের বাবা ইউসুফ আলী শোকে ভেঙে পড়েন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় ভারী যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

0 Comments