Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় খাল খননের কাজ শুরু

 


ফুলবাড়িয়া প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর সারাদেশব্যাপী খাল খননের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা গ্রামের মাঝ খান দিয়ে বয়ে যাওয়া মঙ্গলী খালের পুঃনখনন কাজ শুরু হয়েছে।


অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইজিপিপি) প্রকল্পের আওতায় ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা ব্যয়ে ১০ কিলোমিটার খাল খনন করা হবে। সেইসাথে খালের দুই পারে বৃক্ষরোপন,বক্সকালভার্ট, আরসিসি পাইপসহ অন্যান্য কাজ করার কথা রয়েছে। 


শনিবার (১৮ এপ্রিল) সকালে খাল খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। এতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি খালের সংরক্ষণ ও কেউ যেনো খাল ভরাট না করে সেদিকে সকলকে খেয়াল রাখার অনুরোধ করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ তাকি তাজওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক, কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুল করিম সরকার, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী প্রমূখ।

ইচাইল বিল, বেহিবিল, নাগেশ্বর বিল ও পাঁচলাবীলের পানি মঙ্গলী খাল দিয়ে প্রবাহিত হয়। বিল ও খালের দুই পারে শত শত হেক্টর জমিতে বোর ও আমন ধানের আবাদ হয়। এসব জমির ধান বর্ষা মৌসুমে তালিয়ে যেত, শুকনা মৌসুমে খড়ায় মরে যেত। খালটি খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকেরা বেশ উৎফুল্ল।


রাধাকানাই গাংবড়ইল গ্রামের কৃষক আবুল কালাম বলেন, বর্ষা মৌসুমে পানিতে ও খরায় সেচের অভাবে কৃষকের আবাদি ফসল নষ্ট হয়েছে। খালটি খনন হওয়ার ফলে কৃষকের দুশ্চিন্তা কমলো। ঠিকমতো পানি প্রবাহিত হবে ও খালে পানি থাকবে, যে কারনে আমাদের ফসল নষ্ট হবে না। বর্তমান সরকারের খাল খননের এ উদ্যোগকে জনকল্যাণকর দাবি করে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments