মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত সমাজের পিছিয়ে পড়া এবং
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে ‘বার্থডে বাউন্স
ব্যাক’ প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা
সাউথ এপির উদ্যোগে ঘোগা ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দু সিলভেস্টার
গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তাগাছা উপজেলা
নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি ও অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম
অফিসার হাফিজুল হক সোহাগ, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা নয়ন চিচিম, লোজিনা
সরদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের মানসিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে
আনাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। আয়োজক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ
থেকে জানানো হয়, ‘বার্থডে বাউন্স ব্যাক’ প্রোগ্রামের মাধ্যমে মূলত
সেইসব শিশুদের জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়া হয়, যারা সাধারণত প্রতিকূল
পরিস্থিতির কারণে এসব উৎসব পালনের সুযোগ পায় না। অনুষ্ঠানে শিশুদের মাঝে
শিক্ষা উপকরণ এবং শীতকালীন সুরক্ষা সামগ্রী (কম্বল) বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং
বিপুল সংখ্যক শিশু এই উৎসবে অংশগ্রহণ করেন। রঙিন টুপি পরে শিশুরা কেক
কেটে এবং বিভিন্ন আনন্দ উৎসবে মেতে ওঠে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে এই এলাকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা
নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।
0 Comments