Header Ads Widget

 


‎‎মুক্তাগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 


বাবলু আকন্দ: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উপজেলা প্রশাসন বনাম পৌর প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু।

 সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাজী কাশেম আলী মহিলা কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক এজেড এম ইমাম উদ্দিন মুক্তা। আলোচনায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভ্যুত্থানের ঘটনা ঘটে। দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও রাজনৈতিক পরিবর্তনের আলোচনায় বিশেষ স্থান দখল করে আছে। বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। বিভেদ ও বিভাজন ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরা প্রয়োজন, যাতে তারা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments