রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছফির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী, শিক্ষাবিদ ও পাঠ্যক্রম বিশেষজ্ঞ আফরোজা সুলতানা খান, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান খান রতন, শহীদ স্মৃতি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের প্রকাশনা ‘স্বর্ণালী উত্তরাধিকার’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন অতিথিবৃন্দ। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অতিথিরা তাদের শিক্ষা জীবনের সাফল্য, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক, জুয়া ও ইভটিজিং মুক্ত মুক্তাগাছা গড়ার আহব্বান জানান তারা। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

0 Comments